সিলেট ব্যুরো | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) এলাকা সম্প্রসারিত হওয়ায় বর্ধিত ওয়ার্ডগুলোতে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পৌঁছে দিতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (১১ মার্চ) বিকেলে সিলেট সদর উপজেলার মইয়ারচরে ‘সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপ’ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের পরিধি ২৭টি ওয়ার্ড থেকে বেড়ে এখন ৪২টিতে উন্নীত হয়েছে। নাগরিকরা আধুনিক সুযোগ-সুবিধা প্রত্যাশা করেন, যা তাদের অধিকার। কিন্তু বাস্তবতা হলো, আমরা এখনো সবখানে সেই আধুনিক কাঠামো গড়ে তুলতে পারিনি। বিশেষ করে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে সেবা সম্প্রসারণ করতে গিয়ে সিটি কর্পোরেশনকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও তিলোত্তমা নগরী গড়ে তোলা কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করেছেন। বর্তমান মন্ত্রিসভায় সিলেট থেকে দুজন সংসদ সদস্য স্থান পেয়েছেন, যা আমাদের জন্য গৌরবের। ফলে সিলেটবাসীর প্রত্যাশাও এখন অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে আমরা সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের পরিচালক সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ আহমদ, মইয়ারচর তাবিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দিন এবং শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কমর উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আহমদ এবং মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



