নাজমুল ইসলাম,ঢাকা | সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করে তারা। ২৭ রান করা আলিক আথানজেকে লেগ বিফোর আউট করে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন রিশাদ হোসেন। উদ্বোধনী জুটি ভাঙার পরই ক্যারিবিয়ানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ।
তিনে নামা কেসি কার্টি কিছুটা সাবধানীভাবে খেললেও ইনিংস বড় করতে পারেননি। ২০তম ওভারে রিশাদের বলে স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৯ রান।
পরবর্তী ওভারে রিশাদ আরো দুই উইকেট নেন। প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে গেলে ব্যান্ডন কিংয়ের ব্যাট ছুঁয়ে যায়। উইকেটকিপার সোহান দ্বিতীয় বারের চেষ্টায় বল গ্র্যাব করেন। কিং ৬০ বলে ৪৪ রান করে আউট হন। চতুর্থ বলে শারেফান রাদারফোর্ডকেও ফিরিয়েছেন রিশাদ।
২৪তম ওভারে রিশাদ আবারো উইকেট পান। এবার শিকার রোস্টন চেজ, যিনি ৬ রান করে আউট হন। এভাবে পাঁচ উইকেটই রিশাদের ঝুলিতে। এটি তার ক্যারিয়ারের প্রথম ফাইফার এবং বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনারের হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট।
৩৬.২ ওভার শেষে ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২২ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।



