স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে এসে আমরা এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি, যেখানে গণতন্ত্রের মূল ভিত্তি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। তাই ২০২৬ সালের নির্বাচন কেমন হবে, তা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের জন্যই এক গভীর ভাবনার বিষয়। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ তাদের ভোটাধিকার অবাধে প্রয়োগ করতে পারে, ভয় বা প্রভাবমুক্ত থেকে নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পারে। একটি দেশের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের আয়না। এই আয়না যদি স্বচ্ছ থাকে, তবে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাব দিহিতা ও ন্যায়বোধ টিকে থাকে। কিন্তু যদি এই আয়না ঘোলা হয়ে যায়, তবে রাষ্ট্রের কাঠামোতে অস্বচ্ছতা, দুর্নীতি ও অনাস্থা ঘনীভূত হতে থাকে। এ দেশের মানুষের প্রত্যাশা এমন একটি নির্বাচন, যেখানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো সমান দূরত্ব বজায় রেখে কাজ করবে। ২০২৬ সালের নির্বাচনটি হোক সেই প্রত্যাশার প্রতিফলন। যা হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক, ন্যায়ভিত্তিক ও বিশ্বাসযোগ্য। যেখানে বিজয়ী হবে গণতন্ত্র, আর বিজিত হবে অবিশ্বাস, সহিংসতা ও বিভাজনের রাজনীতি। কারণ সচ্ছ নির্বাচনই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বপ্নময় ও ন্যায়ের বাংলাদেশ উপহার দিতে।