ঢাকা ব্যুরো | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে অংশগ্রহণের জন্য নিবন্ধিত ভোটাররা আগামী ২১ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাররা তাদের প্রদত্ত ঠিকানায় গিয়ে নিজ দায়িত্বে ব্যালট সংগ্রহ করবেন এবং ২১ জানুয়ারি থেকে ভোট বিডি অ্যাপ এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এই পদ্ধতিতে দেশের ভেতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা ভোট দিতে পারবেন। পাশাপাশি ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সব মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন মঙ্গলবার সব নিবন্ধিত রাজনৈতিক দলকে পোস্টাল ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেবে। ইসি সচিবালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে প্রতিটি দলের টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন দুজন প্রতিনিধি অংশ নেবেন। স্বতন্ত্র প্রার্থীরা নিজেরা অথবা মনোনীত উপযুক্ত প্রতিনিধি পাঠাতে পারবেন।
ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ইসি সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দলগুলোর প্রতিনিধিরা ভোট বিডি অ্যাপে ভোট প্রদানসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
এদিকে ভোটের প্রস্তুতির সময়সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। ভোটপ্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে কমিশন নির্বাচনী মাঠে প্রতিটি পদক্ষেপ মনিটর করবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি মনে করছে, পোস্টাল ব্যালট পদ্ধতি দেশের ভোটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।



