ক্রীড়া প্রতিবেদক,ঢাকা ব্যুরো | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরলেন অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপের মাঝপথে ছিটকে যাওয়া লিটন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে।
রবিবার ২৬ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন লিটন। তিনি মনে করেন, আসন্ন সিরিজে দল যত বেশি চাপের মুখে পড়বে, তা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ততটাই ভালো প্রস্তুতি হবে।
চোটের কারণে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে না পারার আক্ষেপ নিয়ে বলেন, একজন খেলোয়াড় হিসেবে মাঠের বাইরে থাকা সত্যিই কষ্টের। বিশেষ করে যখন ভালো ফর্মে ছিলাম এবং দলকে নেতৃত্ব দিচ্ছিলাম। তবে ইনজুরি এমন কিছু যা কারও নিয়ন্ত্রণে থাকে না।’
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজটিসহ মোট দুটি সিরিজ থাকছে বিশ্বকাপের আগে। অন্য সিরিজটি আয়ারল্যান্ডের বিপক্ষে। এই দুই সিরিজকেই তিনি দেখছেন প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে, সত্যি বলতে আমি চাই এই দুটি সিরিজে আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ুক। সেটা ব্যাটিং হোক বা বোলিং। আমি চাই বোলাররা চাপের মধ্যে বোলিং করুক কারণ এটা বিশ্বকাপের আগে আমাদের অনেক সাহায্য করবে।



