বিনোদন প্রতিবেদক | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

নাচ একটি নান্দনিক এবং প্রায়শই প্রতীকী শিল্প, যা দর্শকদের মনোরঞ্জন ও আনন্দ দেয় এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। এর মাধ্যমে শরীর, মন ও আত্মার মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, যা একে একটি শক্তিশালী যোগাযোগমাধ্যমে পরিণত করে।
বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি ২০২৪ সালে প্রথমবার আয়োজন করেছিল ‘নাচবে তুমি দেখবে বিশ্ব’ এই স্লোগানে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাভাষীদের নিয়ে ড্যান্স রিয়েলিটি শো গোল্ডেন এজ প্রেজেন্টস ‘ড্যান্স ইউএসএ ড্যান্স’-সিজন-১। প্রতিযোগিতার নিউজ পেপার পার্টনার-সাপ্তাহিক আজকাল এবং অনলাইন পার্টনার-বায়ান্ন টিভি।
আরটিভি রেজিস্ট্রেশন ঘোষণার পর উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাভাষী নৃত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। যার ফলে শত শত প্রতিযোগী অনলাইনে রেজিস্ট্রেশন করেন এবং তাদের একটি নাচ ভিডিও করে পাঠান। সেখান থেকে বিজ্ঞ বিচারকদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সেরা ২৫ জনকে বাছাই করে শুরু হয় মূল প্রতিযোগিতা।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ আমেরিকার নিউইয়র্কে আরটিভির নিজস্ব স্টুডিওতে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন স্তুতি দাস, ১ম রানার-আপ কৃষ্ণা প্রিয়া দেব ও দ্বিতীয় রানার-আপ মায়া এ্যাঞ্জেলিনা, চতুর্থ হয়েছেন সুহাইলা উদ্দিন এবং পঞ্চম হয়েছেন ফাসির কবির। আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বিজয়ীদের অভিনন্দন জানান এবং যারা সেরাদের তালিকায় আসতে পারেননি, তাদের জন্যও শুভকামনা জানান তিনি।
সৈয়দ আশিক রহমান বলেন, নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা। নৃত্য সামাজিক বন্ধন দৃঢ় করে এবং বিভিন্ন সংস্কৃতিতে সামাজিক মিথস্ক্রিয়া ও বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তাই সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আগামী বছর আবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান রেখে যাচ্ছি।
এই আয়োজনের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ, নিউজ পেপার পার্টনার-সাপ্তাহিক আজকাল ও অনলাইন পার্টনার-বায়ান্ন টিভিসহ সবাইকে সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আরটিভির সিইও।



