বিনোদন প্রতিবেদক | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা নামলো রহস্যের। মুক্তি পেল তানিম নূর পরিচালিত তারকাবহুল চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার। মঙ্গলবার (৪ মার্চ) রাত ৮টায় এই বহুল আলোচিত কাজের অফিশিয়াল টিজারটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। মুক্তি পাওয়ার পর থেকেই টিজারটি দর্শকদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে এবং সবখানে এটি নিয়ে বেশ আলোচনা চলছে।
২০০৭ সালের এক কুয়াশাচ্ছন্ন বিকেলের পটভূমিতে নির্মিত এই টিজারটি দর্শকদের মুহূর্তেই ফিরিয়ে নিয়ে গেছে কমলাপুর স্টেশনের সেই পরিচিত আবহে।জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। টিজারে সেই পরিচিত মায়াবী আবেশ আর রহস্যের এক দারুণ মেলবন্ধন দেখা গেছে। গল্পের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রেনের একদল বৈচিত্র্যময় যাত্রী।
রয়েছেন অসুস্থ মাকে নিয়ে ভ্রমণে বের হওয়া ডাক্তার আশহাব। অজানার সন্ধানে নামা চিত্রা। খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন। দাপুটে রাজনীতিবিদ ও শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান।একই ট্রেনের যাত্রী হলেও, এই যাত্রাটি তাদের প্রত্যেকের জীবনের মোড় আমূল বদলে দেয়।শুরু থেকেই ‘বনলতা এক্সপ্রেস’-এর কাস্টিং নিয়ে বিনোদন পাড়ায় ছিল তুঙ্গে আলোচনা। এই সিনেমার মাধ্যমে দেশের সেরা অভিনয়শিল্পীদের এক পর্দায় দেখা যাবে। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা ও শামীমা নাজনীনসহ আরো অনেক পরিচিত মুখ।
ইউসিবি নিবেদিত এই চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস।সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’। বর্তমানে হইচই বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে টিজারটি ট্রেন্ডিংয়ে রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই পর্যায়ক্রমে সিনেমাটির গান ও পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ করা হবে।



