রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের ১২ জেলা শৈত্যপ্রবাহের কবলে,বিপর্যস্ত জনজীবন

ঢাকা ব্যুরো   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের ১২ জেলা শৈত্যপ্রবাহের কবলে,বিপর্যস্ত জনজীবন

সারাদেশে জেঁকে বসেছে কনকনে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে উত্তরাঞ্চলসহ দেশের বড় একটি অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস কমেছে এবং নতুন করে ১২টি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সোমবার (৫ জানুয়ারি ) রাজশাহী বিভাগের আট জেলা এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, দিনাজপুরসহ ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

তীব্র শীত ও ঘন কুয়াশায় রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভোর থেকে দুপুর পর্যন্ত অনেক এলাকায় ৫০ থেকে ১০০ মিটারের বেশি দূরের কিছুই দেখা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে সড়ক ও নৌপথের যোগাযোগ ব্যবস্থায়ও।

রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজীরহাট নৌপথে কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রোববার মধ্যরাতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় সাত ঘণ্টা পর আজ সকাল সোয়া ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল প্রায় ১০ ঘণ্টা। পরে সকাল সোয়া ৯টা থেকে চলাচল স্বাভাবিক হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে– ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে– ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাজধানী ঢাকায় সোমবার তাপমাত্রা আগের দিনের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে; কুয়াশার কারণে শীতের অনুভূতি কমেনি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, শৈত্যপ্রবাহের পরিধি কিছুটা বেড়েছে এবং সামগ্রিকভাবে তাপমাত্রা কমেছে। তবে আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার তা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গঙ্গা অববাহিকা হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ঘন কুয়াশা বিস্তৃত থাকায় শীতের মাত্রা বেড়েছে। কুয়াশার কারণে সূর্যের কিরণকাল কমে যাচ্ছে, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলো কম আসছে। এর সঙ্গে পরিবেশদূষণ যুক্ত হয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শীতকে আরও তীব্র করে তুলছে।

আবহাওয়াবিদরা সতর্ক করছেন, আপাতত কুয়াশা ও শীত থেকে স্বস্তির আশা খুব বেশি নেই। দিনে তাপমাত্রা সাময়িকভাবে বাড়লেও সূর্যের দেখা না মিললে কনকনে শীত আরও কিছুদিন ভোগাতে পারে দেশের মানুষকে।

Facebook Comments Box
আরও

এ বিভাগের আরও খবর

Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০