নাজমুল ইসলাম,ঢাকা | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক এবং ঋণখেলাপিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতমূলক আচরণ করেছে- বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। প্লাটফর্মটির দাবি ইসি পক্ষপাত মূলক যেসব সিদ্ধান্তগুলোতে গ্রহণ করেছে তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়েছে প্লাটফর্মটি।
সোমবার (১৯ জানুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।
তিনি বলেন, এখনো সময় আছে এই ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বাতিল করে আপনারা (ইসি) যে নিরপেক্ষতা হারিয়েছেন সেই নিরপেক্ষতা ফিরিয়ে আনুন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন, আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আপনারা নিরপেক্ষতার প্রমাণ দিবেন নয়তো আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হবো।
হাসিব আল ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন দুটি বড় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের প্রতি ঝুঁকে পড়েছে। তারেক রহমান দেশে আসার পর আমলারাও বিএনপির দিকে ঝুঁকে পড়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরায়ন অত্যন্ত জরুরি। যারা বাংলাদেশকে অস্থীতিশীল করতে চায়, নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে। আমরা চাই যথাসময় নির্বাচন হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরায়ন হবে। যারা এর বাধা সৃষ্টি করতে চাইবে আমরা রাজপথে এবং আইনিভাবে তাদের মোকাবেলা করতে প্রস্তুত আছি।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন বলেন, নির্বাচন কমিশন যে ধরনের আচরণ প্রকাশ করছে তা এক ধরনের পক্ষপাতমূলক। প্রাপ্ত তথ্য এবং দাখিলকৃত মনোনয়ন মনোনয়নের তালিকা অনুযায়ী রাষ্ট্রায়ত্ব ব্যাংকের বিপুল পরিমাণে অর্থের ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে। এছাড়া একাধিক ব্যাংকের খেলাপি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন টেকনিক্যালি ক্লিয়ারেন্স দেখিয়ে নানা অজুহাতে বৈধতা দিচ্ছে এবং আদালতে চলমান আর্থিক মামলার পরেও প্রার্থীদের তালিকায় নাম বহাল রাখছে।
কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা আল্টিমেটাম দিতে চাই, দ্বৈত নাগরিকত্বধারী এবং লুটেরা ঋণ খেলাপিদের মনোনয়ন প্রত্যাহার না করলে এই নির্বাচন কমিশনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে কথা বলবে না। আমরা তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



