বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে টু-থার্ড ক্ষমতা বলে বিএনপি গায়ের জোরে কাজ করছে -ডা. শফিকুর রহমান

নাজমুল ইসলাম,ঢাকা   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংসদে টু-থার্ড ক্ষমতা বলে বিএনপি গায়ের জোরে কাজ করছে -ডা. শফিকুর রহমান

সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারব, কথা বলতে পারব, ততদিন সংসদে থাকব বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদে টু-থার্ড ক্ষমতা বলে বিএনপি গায়ের জোরে কাজ করছে। তারা বিচার মানে কিন্তু তালগাছ ছাড়বে না। সংসদে লড়তে বা কথা বলতে না পারলে এক মিনিটও থাকব না। সংসদে দেশের জনগণ একটা পরিবর্তনের আশায় তাদের পাঠিয়েছেন, সেই পরিবর্তনের সূচনা করতে না পারলে সেই সংসদ দিয়ে কী হবে। রাজপথ বিরোধী দলের মূল ঠিকানা, জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গে লড়ব। এর মাধ্যমে ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় হবে, বিজয় হবে জনগণের।

রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আয়োজন করে ১১-দলীয় ঐক্য।

জামায়াতের আমির বলেন, যখন বিএনপি সরকার গুম ও মানবাধিকার অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, পুলিশ অধ্যাদেশ, গণভোটসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করেছে, তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে সঙ্গে সঙ্গে ওয়াক আউট করেছি।

চূড়ান্ত আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আগামীতে চূড়ান্তভাবে পরাজয় হবে ফ্যাসিবাদের, বিজয় হবে জনগণের। এক পা কেটে ফেলার পরও জুলাই যোদ্ধাদের অনুভূতি হলো প্রয়োজন পুরো শরীরই দেবো! কিন্তু জুলাই কাউকে ছিনিয়ে নিতে দেব না। সংখ্যাগরিষ্ঠতার জোরে জুলাই সনদকে সরকার উপেক্ষা করছে। এ সময় সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে দলীয়করণ করে বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা।

তিনি বলেন, বিএনপি এখন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় ক্যু শুরু করেছে।শফিকুর রহমান বলেন,বিএনপি গর্ব করে বলে ১৯৭১, ১৯৯০, ২০২৪ সবকিছু তাদের। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তাদের জন্মই হয়নি। ১৯৭১ সালে জিয়াউর রহমান প্রথমবার নিজের পক্ষ থেকে, পরেরবার আরেক জনের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সবকিছুর ক্রেডিট একক ব্যক্তিকে দিয়ে দেওয়া হলে বাকি যোদ্ধাদের অবস্থান কোথায় থাকে, সেই প্রশ্নও ওঠে। ফ্যাসিবাদী আমলে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টায় জিয়াউর রহমানকে পাকিস্তানের চর, দালাল বলা হয়েছিল। জামায়াত ওই রাজনীতি আর দেখতে চায় না।

বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি তাদের ৩১ দফা সংস্কারে বাস্তবায়ন করবে বলেছিল। এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার বিষয়ে। এখন তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা শুধু জাতির সঙ্গে নয়, তাদের দলীয় সংস্কারের ৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।

সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি; আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে নামব। এবার আংশিক নয়, পরিপূর্ণ সফলতার জন্যই রাজপথে নামব।

তিনি বলেন, বাংলাদেশকে সংস্কারের মাধ্যমেই পরিবর্তন করতে হবে। সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি সরকার। আমরা মনে করি, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা জুলাইকে রাজনৈতিক বা দলীয় স্বার্থে ব্যবহার করিনি, করবও না। বিএনপি জুলাইকে রাজনৈতিক ও দলীয় স্বার্থে ব্যবহার করছে।

মতবিনিময় সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা নিজেদের যে অনুভূতি প্রকাশ করেছে, তাতে আমাদের করণীয় নির্ধারণ সহজ হয়েছে। আমরা জাতির স্বার্থে আপসহীনভাবে নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখব। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০