বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
লালন স্মরণোৎসব

সাঁইজির বারাম খানায় বাউলের হাট

জহুরুল ইসলাম,কুষ্টিয়া   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাঁইজির বারাম খানায় বাউলের হাট

সব পথ যেন এসে মিশেছে ছেঁউড়িয়ায়, লালন আখড়াবাড়িতে। বাউল, সাধু ও বৈষ্ণবদের মেলা বসেছে লালনধামে। ধর্ম বর্ণ জাতপাত ভুলে তারা গাইছেন মানুষের জয়গান। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে শুক্রবার ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব। এবারই প্রথম জাতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে সাঁইজির তিরোধান দিবস। এতে এবারের উৎসবে এক নতুন মাত্রা যোগ হয়েছে।

শুক্রবার ১৭ অক্টোবর  সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা থাকলেও বেশ কয়েক দিন আগে থেকেই লালন ভক্ত মানুষের মিছিল আসতে শুরু করেছে এই বাউল তীর্থে। সাঁইজির টানে এ ধামে বাউলেরা ছাড়াও সাধারণ দর্শনার্থীদের ভিড় লেগেছে।

‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি’ সত্য বল সুপথে চল ওরে আমার মন’এলাহি আলামিন গো আলা বাদশা আলমপনা তুমি  বাড়ির পাশে আরশীনগর সেথা এক পড়শি বসত করে’ এমন অসংখ্য লালনসংগীতের সুরের মূর্ছনায় এখন মাতোয়ারা বাউলধাম। লালন মাজারের আশপাশে ও মরা কালী নদীর তীর ধরে বাউলেরা ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে। বাউল-ফকিরদের সঙ্গে সুর মেলাচ্ছেন ভক্তরাও। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ সাঁইজির সান্নিধ্য পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন এ স্মরণোৎসবে। আউল-বাউল, সাধু-বৈষ্ণব আর ফকির-দিওয়ানাদের পদভারে মুখর হয়ে উঠেছে সাঁইজির ধাম। ধামের পাশে বিশাল মাঠের খোলা প্রান্তরে গুরু-শিষ্যের মিলনমেলায় মনের মানুষের সন্ধানে আকুল ভক্তরা। চিঠি নেই পত্র নেই, কোনো এক অদৃশ্য সুতোর টানে দলে দলে বাউল সাধু গুরুরা ছুটে এসেছেন আখড়া বাড়িতে।

আখড়া বাড়ির আঙিনায় বসার জায়গা হবে না বলে অনুষ্ঠান শুরুর পাঁচ দিন আগেই এসে আসন পেতেছেন গাজীপুরের লালনভক্ত একদিল শাহ। আলাপকালে এই প্রবীণ বাউল সাধক বলেন, বছরে দুবার সাঁইজির বারামখানায় সাধু-গুরুদের মিলনমেলা বসে। এই দিনটি এলে কিছুতেই বাড়িতে মন টেকে না। সংসারের সব মায়ার সুতো ছিঁড়ে চলে আসেন আখড়াবাড়ি। গত ৩০ বছর ধরে এমনটাই করে আসছেন একদিল শাহ। আরেক বাউল ফকির সইরুদ্দিন শাহ বলেন, আগে এলে সাঁইজির মাজারের কাছাকাছি বসার জায়গা মেলে। আবার অনেক দিন ধরে এখানে কাটানো যায়। এর যে কী আনন্দ, কী স্বাদ তা ভাষায় প্রকাশ করা যাবে না।

বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে তার অনুসারী ভক্ত বাউল সাধকরা এ দিনটিকে লালন স্মরণোৎসব হিসেবে পালন করে আসছেন। লালন একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার পর এই উৎসবের কলেবর বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিবছর এ দিনটিকে ঘিরে লালন আখড়া বাড়িতে বসে তিন দিনের উৎসব। শুক্রবার সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ আয়োজনের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। এ বছর থেকে সরকার লালনের তিরোধান দিবসকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আখড়া বাড়ির বাইরে মরা কালীগঙ্গা নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।এ উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা প্রশাসন ও লালন একাডেমি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহতেশাম রেজা জানান, উৎসবের তিন দিন ভক্ত বাউল সাধকরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করবেন। করবেন নানা তত্ত্বকথার আলোচনা।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০