সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রমণগদ্যের আকর্ষণ আগের মতোই

শরীফ নাসরুল্লাহ,ঢাকা   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভ্রমণগদ্যের আকর্ষণ আগের মতোই

দেশে ভ্রমণ কাহিনির জনপ্রিয়তা গত এক-দেড় দশকে অনেক বেড়েছে। সচ্ছলতা পাওয়া মধ্যবিত্ত আজকাল দেশ-বিদেশের নানা জায়গায় বেড়াতে যাচ্ছে। পাশাপাশি আছেন ‘অ্যাডভেঞ্চার ট্রাভেল’ করা তরুণেরা। অনেক নারী আজকাল একা বা দল বেঁধে বেড়ান। তাঁদের কেউ কেউ এসব বইয়ের লেখকও।

আবার ভ্রমণ বইয়ের ক্রেতাদের একটা বড় অংশ ‘আর্মচেয়ার ট্রাভেলার’ অর্থাৎ অর্থকড়ি কিংবা অন্যান্য সমস্যায় ইচ্ছেমতো বেড়াতে না পেরে দুধের স্বাদ ঘোলে মেটান। তবে সার্থক ভ্রমণকাহিনি ঘোলের স্বাদকে দুধের কিছুটা হলেও কাছাকাছি নিয়ে যেতে পারে।

মেলায় এবারও এসেছে ভ্রমণ বিষয়ক কয়েকটি বই।অনুপ্রাণন প্রকাশন এনেছে ভ্রমণকারী এলিজা বিনতে এলাহীর ‘রোড টু পামির’ আর ক্ষমা মাহমুদের বই ‘কুনাফার শহরে’।

রোড টু পামিরের বিষয়বস্তু মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের প্রাচীন ইতিহাস, পামির মালভূমির আদিম প্রকৃতি, প্রাচীন বণিকদের বাণিজ্যপথ রোমাঞ্চকর ‘সিল্ক রুট’ আর অঞ্চলটির মানুষের বিচিত্র জীবন ও সংস্কৃতি।মধ্যপ্রাচ্যের ইতিহাস সমৃদ্ধ দেশ জর্ডানে বেড়ানোর কাহিনি উঠে এসেছে ক্ষমা মাহমুদের কুনাফার শহরে বইটিতে। বাতিঘর এনেছে প্রতিষ্ঠিত, জনপ্রিয় ভ্রমণ লেখক মঈনুস সুলতানের ‘ককস্পার দ্বীপের কেল্লা ও জলদস্যুদের জাহাজ’।

ভ্রমণ কাহিনি প্রিয় পাঠকেরা ঠিকঠাক স্টলে এসে প্রিয় বইটি খুঁজে নেন বলে জানালেন চন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলকর্মী নওশীন। তাঁর কথায়, ভ্রমণকাহিনি পড়তে ভালোবাসেন এমন কিছু আলাদা পাঠক আছে। তাঁরা এ বিষয়ের বই কিনতে আসেন। গত শুক্র, শনিবার ভ্রমণের বই ভালো বিক্রি হয়েছে। নওশীন জানান, তাঁদের প্রকাশ করা বাহার লেনিনের লেখা ‘নতুন চীনের অচিন পথে’ বইটি ভালো চলছে।

জাগৃতি প্রকাশনী নিয়ে এসেছে ‘তমাল তরুর সুন্দরবন’ নামে সৈয়দ শাফাত উদ্দিন আহমেদের লেখা সুন্দরবনের গভীর বনের গল্প। বইটি নিছক ভ্রমণকাহিনি নয়, এতে উঠে এসেছে পরিবেশ সংরক্ষণ, মানুষের সঙ্গে বাঘসহ বন্য প্রাণীর দ্বন্দ্ব, গহিন বনে অপরাধ তৎপরতা, সুন্দরবন ঘিরে নানা উপকথা এবং সেখানকার অধিবাসীদের জীবনযাপনের গল্প। জাগৃতি প্রকাশনীর ব্যবস্থাপক আকিফ জানালেন, তাঁর স্টলেও ভ্রমণের বই ভালো চলছে।

পুরোনো ভ্রমণের বইও চাইছেন অনেক পাঠক। প্রকাশনী স্টুডেন্ট ওয়েজের সম্ভারে আছে তেমন বই। তারা এবার নতুন ভ্রমণের বই আনেনি, তবে তাদের পুরোনো বইয়ের চাহিদা আছে বলে জানালেন স্টলকর্মী মো. সালাহ উদ্দিন।

পাঞ্জেরী এনেছে লোপামুদ্রা মালেকের ‘শান্তা দেবীর জাপান’। আবদুল লতিফের ‘ইউরোপের দেশে দেশে’ এনেছে আগামী প্রকাশনী। আনোয়ার হোসেইন মঞ্জুর লেখা ‘ও আকাশ ও বিহংগ’ বেরিয়েছে ঐতিহ্য থেকে।বই মেলার তথ্যকেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত মেলায় ভ্রমণবিষয়ক বই এসেছে ২৩টি।

অন্যান্য নতুন বই

‘হাফ গার্লফ্রেন্ড’ নামে প্রেমের আখ্যানের ভেতর দিয়ে চেতন ভগত ছুঁয়ে গেছেন ভারতের পিছিয়ে থাকা প্রদেশ বিহারের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিকে। ভারত থেকে বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৪ সালে। জামাল নাসেরের অনুবাদে এবারের মেলায় এটি এসেছে অনুবাদ প্রকাশনী থেকে।

এ অঞ্চলের ইতিহাস, বিশেষ করে ঢাকার অতীত নিয়ে লেখালেখি করা সাংবাদিক গবেষক রিদ্ওয়ান আক্রামের “পুনশ্চ ঢাকা” এসেছে কথা প্রকাশ থেকে। ঢাকার চার শ বছরের সমাজ আর সংস্কৃতির চিত্র রয়েছে এতে। পাশ্চাত্যে সুফিবাদ নিয়ে লেখালেখি করেছেন ইদ্রিস শাহ। তাঁর বই ‘দ্য সুফিজ’-এর অনুবাদ বইমেলায় এনেছে জ্ঞানকোষ প্রকাশনী। অনুবাদ করেছেন মোস্তাক শরীফ। বইটি প্রথম বের হয় ১৯৬৪ সালে। গতকাল মেলায় নতুন বই এসেছে ৭৫টি। এখন পর্যন্ত মোট বইয়ের সংখ্যা ৮৩৩।

অন্যান্য আয়োজন

গতকাল ছিল কবি আসাদ চৌধুরীকে নিয়ে আলোচনা। আয়োজনের সভাপতি ছিলেন সৈয়দ আজিজুল হক। প্রাবন্ধিক ও গবেষক কুদরত-ই-হুদা বলেন, কবি আসাদ চৌধুরী (৮০) পুরোদস্তুর একজন কবির জীবনযাপন করেছেন। তাঁর কবিতায় সব সময় সক্রিয় থেকেছে দেশের প্রতি অপরিসীম দরদ। তাঁর জীবন যাপন আর কবিতার মধ্যে ছিল একটা খাঁটি পূর্ববঙ্গীয় ব্যাপার। তাঁকে বাংলাদেশের ভাষা, সাংস্কৃতিক ইতিহাস আর নিজস্ব কাব্যপ্রগতির সঙ্গে সহজে মিলিয়ে পাঠ করা যায়।

আসাদ চৌধুরীকে নিয়ে আলোচনায় অংশ নেন কবি সৈকত হাবিব।নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যথারীতি চলে কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীত। আজ সোমবার মেলা শুরু হবে বেলা ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

Facebook Comments Box
আরও
Chief Editor
Shahan Ahmed Chowdhury
Editor
J U Sumon
News Editor
Mehdi Hassan
UK Office
USA OFFICE
  • Hasan Hafizur Rahman
    264/A,Central Avenue
    Garden City
    NY 11040
    USA
সিলেট ব্যুরো
  • আব্দুর মুক্তাদির
    সিটি কর্পোরেশন মার্কেট (২য় তলা)
    চালিবন্দর, সোবহানীঘাট, সিলেট।
ঢাকা ব্যুরো
  • সৈয়দ আবু নাসের
    এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০